দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মোবাইলে জরুরি কাজ করছেন। হঠাৎ ওয়েবসাইট খুলছে না, ভিডিও বারবার বাফার হচ্ছে, এমনকি একটি মেসেজ পাঠাতেও স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। অথচ ফোনের স্ক্রিনে নেটওয়ার্কের বার ঠিকই দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই দ্রুত ফোনের এরোপ্লেন মোড চালু করে কয়েক সেকেন্ড পর আবার বন্ধ করে দেন।
কিন্তু এই বহুল ব্যবহৃত কৌশল কি সত্যিই মোবাইল ইন্টারনেটের গতি বাড়িয়ে দেয়?
আসলে মোবাইল ইন্টারনেটের গতি সব সময় শুধু নেটওয়ার্ক বারের সংখ্যার ওপর নির্ভর করে না। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় ফোন বিভিন্ন মোবাইল টাওয়ারের সঙ্গে সংযোগ পরিবর্তন করে। কখনো ফোন আগের টাওয়ারের সঙ্গে সংযোগ ধরে রাখতে পারে, যদিও আশপাশে তুলনামূলক ভালো সিগন্যালের অন্য টাওয়ার রয়েছে।
এর ফলে ফোনে নেটওয়ার্ক দেখা গেলেও ডাটা আদান-প্রদানের গতি কমে যেতে পারে। বিশেষ করে চলন্ত অবস্থায়, দুর্বল কভারেজ এলাকায় কিংবা নেটওয়ার্কে অতিরিক্ত চাপ থাকলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।
এখানেই কাজে আসতে পারে এরোপ্লেন মোড। এটি চালু করলে ফোনের সেলুলার নেটওয়ার্ক সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অর্থাৎ মোবাইল নেটওয়ার্কের সঙ্গে থাকা আগের সংযোগ বিচ্ছিন্ন হয়। এরপর এরোপ্লেন মোড বন্ধ করলে ফোন আবার নতুন করে মোবাইল নেটওয়ার্ক খুঁজে সংযোগ স্থাপন করে।
এভাবে ফোন কাছাকাছি থাকা অন্য কোনো উপলব্ধ নেটওয়ার্কের সঙ্গে নতুন করে সংযুক্ত হতে পারে। ফলে আগের সংযোগে কোনো সমস্যা থাকলে তা কেটে গিয়ে ইন্টারনেট আবার স্বাভাবিক গতিতে চলতে শুরু করতে পারে।
তবে এখানে একটি বিষয় পরিষ্কার—এরোপ্লেন মোড নিজে থেকে ইন্টারনেটের সর্বোচ্চ গতি বাড়িয়ে দেয় না। এটি মূলত মোবাইল নেটওয়ার্ক সংযোগটি নতুন করে স্থাপনের সুযোগ দেয়। সমস্যাটি যদি পুরনো বা দুর্বল নেটওয়ার্ক সংযোগের কারণে হয়ে থাকে, তাহলে এরোপ্লেন মোড অন-অফ করার পর গতিতে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যেতে পারে।
অন্যদিকে, এলাকায় টাওয়ারে অতিরিক্ত চাপ থাকলে, সিগন্যাল দুর্বল হলে, ডাটা প্যাকের সীমা শেষ হয়ে গেলে কিংবা অপারেটরের নেটওয়ার্কেই সমস্যা থাকলে এরোপ্লেন মোড অন-অফ করে বিশেষ লাভ নাও হতে পারে।
অনেকে এরোপ্লেন মোড এক সেকেন্ডের জন্য চালু করেই আবার বন্ধ করে দেন। এর বদলে কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপর বন্ধ করা ভালো। এতে ফোনের নেটওয়ার্ক সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নতুন করে সংযোগ তৈরির সুযোগ পায়।
তাই ইন্টারনেট আচমকা ধীর হয়ে গেলে ফোন রিস্টার্ট করার আগে একবার কয়েক সেকেন্ডের জন্য এরোপ্লেন মোড চালু করে দেখতে পারেন। এতে সবসময় ইন্টারনেটের গতি বাড়বে—এমন নিশ্চয়তা নেই। তবে নেটওয়ার্ক সংযোগে সাময়িক সমস্যা থাকলে এই সহজ কৌশলেই দ্রুত সমাধান মিলতে পারে।
/অ